
ফাইল ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে দাম স্থিতিশীল রাখা বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অতিরিক্ত ভর্তুকি দিয়ে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “সরকারের অগ্রিম প্রস্তুতির কারণেই এই সফলতা এসেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও প্রধানমন্ত্রীর সুচারু পরিকল্পনায় আমরা তেলের দাম বাড়তে দিইনি। আমাদের মূল লক্ষ্য কৃষি খাতে যেন কোনো সংকট তৈরি না হয়।” তবে ভবিষ্যতের বিশ্ব পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
জ্বালানি তেল পাচারের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তেল পাচারের দু-একটি বিচ্ছিন্ন ঘটনা আমাদের নজরে এসেছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।”
সরকারের গত ৪০ দিনের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, এই অল্প সময়ে অনেক চ্যালেঞ্জ এলেও সরকার তা সফলভাবে মোকাবিলা করেছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেওয়া অধিকাংশ প্রতিশ্রুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারের এই অর্জনগুলো জাতির সামনে তুলে ধরা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ব্রিফিংয়ে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে দুই দফা বৈঠক হয়েছে। আগামীকাল রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় সংসদ ভবনে বিশেষ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।











































