বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ মার্চ ২০২৬, ২:১৯ অপরাহ্ন
শেয়ার

বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণ


biman-gold

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

শনিবার (২৮ মার্চ) রাতে যৌথ অভিযান চালিয়ে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা এসব স্বর্ণের বার উদ্ধার করেন। রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি রাত ৯টা ৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ফ্লাইটটির ওপর কড়া নজরদারি রাখা হয়েছিল। বিমানটি অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যদের সমন্বয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কার্গো হোল্ডের কাছে থাকা একটি টয়লেটের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার খুঁজে পাওয়া যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অত্যন্ত সুকৌশলে টয়লেটের ভেতরে লুকিয়ে এই স্বর্ণ পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।