সোমবার । মার্চ ৩০, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৯ মার্চ ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
শেয়ার

প্রবাসী আয়ে নতুন রেকর্ড, ২৮ দিনে এলো ৩৩৩ কোটি ডলার


remittance

ফাইল ছবি

দেশের ইতিহাসে প্রবাসী আয়ে নতুন এক মাইলফলক তৈরি হয়েছে। চলতি মার্চ মাসের মাত্র ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ (৩.৩৩ বিলিয়ন) মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ হাজার কোটি টাকা! বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা গত বছরের মার্চ মাসেই এসেছিল।

ব্যাংকারদের মতে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরই এই সময়ে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ নিরাপদ রাখতে দ্রুত দেশে পাঠিয়ে থাকতে পারেন। রেমিট্যান্সের এই জোয়ারের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৮.৮০ শতাংশ বেশি। উল্লেখ্য, এর আগের অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন।

রেকর্ড আয়ে স্বস্তি থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে কিছুটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হলে তা প্রবাসী আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

যেহেতু দেশের মোট রেমিট্যান্সের প্রায় ৪৭ শতাংশই আসে উপসাগরীয় দেশগুলো থেকে, তাই ওই অঞ্চলের অস্থিরতা দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় ঝুঁকি তৈরি করতে পারে।