শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

মোস্তাফিজের বাদ পড়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান


Mustafiz-KKR

ফাইল ছবি

অবশেষে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান ইস্যুতে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজকে আকস্মিক বাদ দেওয়ার ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

২০২৬ মৌসুমের আগে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দলভুক্তির পরপরই ভারতের একটি কট্টরপন্থী গোষ্ঠীর তীব্র প্রতিবাদের মুখে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয়।

ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে ধুমাল বলেন, “আমি শুধু এটুকুই বলব, এটি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিস্তারিত কিছু জানা নেই।”

মোস্তাফিজ ইস্যু কেবল আইপিএলেই সীমাবদ্ধ থাকেনি। এর রেশ ধরে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার মতো নজিরবিহীন ঘটনা ঘটে।

উচ্চপ্রোফাইল টুর্নামেন্টগুলোতে রাজনৈতিক বা বাইরের প্রভাবের বিষয়ে জানতে চাইলে ধুমাল বলেন, “যেভাবে ঘটনাগুলো ঘটে, তা সত্যিই দুঃখজনক। তবে আমি মনে করি না সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে কোনো ভূমিকা রাখে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটকে সমর্থনই করে।”

এদিকে কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি তাদের নিজস্ব ছিল না। তারা জানায়, “আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই/আইপিএল কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দিয়েছে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে।”

তবে আইপিএল চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, “কখনো কখনো পরিস্থিতির চাপে এমন সিদ্ধান্ত নিতে হয়। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে সুস্থ চিন্তাভাবনারই প্রাধান্য পাবে এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।”