মঙ্গলবার । মে ২৬, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৩ এপ্রিল ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা, দোয়া চাইলেন ভক্তদের কাছে


sohel-rana

ফাইল ছবি

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভুগছেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই মেগাস্টার।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের অসুস্থতা ও বিদেশ যাত্রার খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে সোহেল রানা লিখেছেন, “ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে ঢালিউড পাড়া ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করছেন। অনেকেই তার কালজয়ী সিনেমাগুলোর স্মৃতিচারণ করে তাকে দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সোহেল রানা এক অনন্য নাম। ১৯৭২ সালে মহান মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে তার বীরোচিত অভিষেক ঘটে। এরপর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমাতেই তিনি ‘সোহেল রানা’ নাম ধারণ করেন, যা পরবর্তীতে তার আইকনিক পরিচয়ে রূপ নেয়।

অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকাই চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তার এই অসুস্থতার খবরে দেশ বিদেশের হাজারো ভক্ত এখন তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।