সোমবার । এপ্রিল ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৫ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শেয়ার

অবৈধ বাস কাউন্টার সরাতে ৭ দিন সময় দিল ডিএমপি


DMP

ফাইল ছবি

p

রাজধানীতে ক্রমবর্ধমান যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরের সব অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনবিহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত নাইট কোচ কাউন্টার, অনিয়ন্ত্রিত পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে রাতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতির উন্নয়নে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাস কাউন্টার পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্টদের ৭ কার্যদিবসের মধ্যে স্ব-উদ্যোগে এসব অবৈধ কাউন্টার সরিয়ে নিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—যার মধ্যে রয়েছে অর্থদণ্ড, কারাদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্তের মতো শাস্তিমূলক পদক্ষেপ।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার জানিয়েছেন, জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “মহানগরের যানজট কমাতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।”