
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনার মাঝেই তেহরানে হামলা চালিয়ে পরিস্থিতিকে “বিপজ্জনক দিকে” ঠেলে দিয়েছে ইসরায়েল—এমন অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের সিনেটে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদ মধ্যস্থতার চেষ্টা করছিল। সোমবার রাতের আগ পর্যন্ত আলোচনার বিষয়ে খুবই ইতিবাচক অগ্রগতি হচ্ছিল।
ইসহাক দার বলেন, ‘পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই ইসলামাবাদে বসে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছিল।’
দার আরও জানান, যুক্তরাষ্ট্রের ১৫ দফা শর্ত পাকিস্তান ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং তেহরানের ৫ দফা শর্ত ওয়াশিংটনের কাছে তুলে ধরেছে ইসলামাবাদ।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দুই সপ্তাহের উচ্চপর্যায়ের আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমেই ওয়াশিংটনে পাঠিয়েছে তেহরান।







































