
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে তারা।
বিরোধী দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, সংসদে পাস হওয়া বিতর্কিত বিলগুলোর প্রতিবাদ এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলের অবস্থান পরিষ্কার করতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে সংসদে বিল পাসের প্রক্রিয়া চলাকালে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতি নিয়ে ফ্লোর দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই প্রতিবাদে আমরা জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে সংসদে পাস হওয়া বেশ কিছু বিলের ধারা নিয়ে বিরোধী দল শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল। সরকারের পক্ষ থেকে সেই আপত্তি আমলে না নিয়ে বিল পাস করায় সংসদ বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নিলো তারা।






































