
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায়ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের মতে, চৈত্র-বৈশাখের এই সময়ে হুটহাট কালবৈশাখীর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।









































