
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৩১১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
উপনির্বাচনের মোট ১৫০টি কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি) পেয়েছেন ৫১২ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে যে, এই উপনির্বাচনে ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ব্যতীত)। শান্তিপূর্ণ পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। দলীয় প্রধানের ছেড়ে দেওয়া আসনে বিপুল ভোটের এই জয়কে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বড় সাফল্য হিসেবে দেখছেন।





































