
ছবি: সংগৃহীত
হামে আক্রান্ত হয়ে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয় শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানিয়েছে।
বুলেটিনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৩ জন।
হামের কারণে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায় (১০ জন)। বরিশালে ৫ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ৩ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে শুধু উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা রাজশাহীতে সবচেয়ে বেশি—৬৪ জন। ঢাকায় মারা গেছে ৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু এবং নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৪২ জন। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকায় সংখ্যা সর্বোচ্চ—২৬১ জন। ময়মনসিংহে ভর্তি হয়েছে সবচেয়ে কম—১২৬ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮ হাজার ২৫১ শিশু। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫ হাজার ৮০১ জন।











































