বুধবার । এপ্রিল ৮, ২০২৬
সেতু ইসরাত স্বাস্থ্য ৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ


world Health Day

‘সবার জন্য স্বাস্থ্য’—এই বৈশ্বিক অঙ্গীকার নিয়ে আজ ৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। ২০২৬ সালের এই বিশেষ দিনে দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ (Together for Health, Stand with Science)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্ধারিত এই প্রতিপাদ্যটি মূলত ‘ওয়ান হেলথ’ (One Health) ধারণা বা মানুষ, পশুপাখি ও পরিবেশের সম্মিলিত স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক সমাধানের ওপর বিশেষ জোর দেয়।

চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে টেকসই প্রযুক্তির মাধ্যমে সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এবারের দিবসের প্রধান লক্ষ্য। বিশ্বজুড়ে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির মাধ্যমে একটি নিরাপদ ও রোগমুক্ত ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়েই এ বছর দিবসটি পালিত হচ্ছে।

যে প্রেক্ষাপটে গঠিত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় লণ্ডভণ্ড হয়ে যাওয়া পৃথিবীতে তখন একদিকে ধ্বংসের চিহ্ন, অন্যদিকে রোগব্যাধি ও মহামারির চরম আতঙ্ক। যুদ্ধপরবর্তী এই সংকটময় সময়ে ১৯৪৫ সালে যখন জাতিসংঘ গঠনের প্রস্তুতি চলছিল, তখন ব্রাজিল ও চীন যৌথভাবে একটি যুগান্তকারী প্রস্তাব পেশ করে। তাদের যুক্তি ছিল—যুদ্ধ যেমন সীমানা মানে না, তেমনি প্রাণঘাতী রোগব্যাধিও কোনো নির্দিষ্ট দেশের মানচিত্র মেনে চলে না। তাই বিশ্বকে নিরাপদ রাখতে একটি শক্তিশালী ও স্বাধীন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা গড়ে তোলা অপরিহার্য। এই প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৬ সালে নিউ ইয়র্কে ৬১টি দেশের প্রতিনিধিরা সংস্থাটির সংবিধানে স্বাক্ষর করেন। অবশেষে ১৯৪৮ সালের ৭ এপ্রিল সেই সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার মাধ্যমে জন্ম নেয় ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (WHO)। মূলত যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে মানবতাকে বাঁচাতে এবং বিশ্বজুড়ে সংহতি গড়ে তুলতেই বিশ্বনেতারা সেদিন একজোট হয়েছিলেন।

রাজধানীতে নানা আয়োজন
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী ‘সেবা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে আজ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি গণমুখী সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সুস্থ থাকতে সাধারণের করণীয়

  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা শারীরিক পরিশ্রম করা।
  • পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা এবং অতিরিক্ত লবণ ও চিনিযুক্ত খাবার বর্জন করা।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকা।
  • বছরে অন্তত একবার হলেও শরীরের সাধারণ পরীক্ষা (Routine Check-up) করানো।
  • সমাজবদ্ধভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।

চ্যালেঞ্জ ও করণীয়
বিশেষজ্ঞদের মতে, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে শুধু বিনিয়োগ নয় বরং স্বাস্থ্য ব্যবস্থায় বিদ্যমান অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করতে হবে। বিগত সময়ে তৈরি হওয়া বৈষম্য দূর করে টেকসই ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

সুস্থ দেহ আর প্রশান্ত মনই হলো সুখী জীবনের চাবিকাঠি। বিশ্ব স্বাস্থ্য দিবসের এই ক্ষণে আমাদের অঙ্গীকার হোক—কেবল নিজের জন্য নয় বরং একটি রোগমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে আমরা সবাই সচেতন হবো। বিজ্ঞানের ওপর আস্থা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা জয় করতে পারি আগামীর যেকোনো স্বাস্থ্য ঝুঁকি। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে একটি সুস্থ পৃথিবীর পথ দেখাতে।

বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল