বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৯ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ন
শেয়ার

ব্রিটিশ জলসীমায় রাশিয়ার গোপন সাবমেরিন অভিযানের অভিযোগ


sabmarine

অভিযানে একটি রাশিয়ান আকুলা শ্রেণির আক্রমণাত্মক সাবমেরিন এবং দুটি গুপ্তচর সাবমেরিন অংশ নেয়

যুক্তরাজ্যের জলসীমা ঘিরে রাশিয়ার এক মাসব্যাপী গোপন সাবমেরিন অভিযান চালিয়েছে এবং তা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, অভিযানে একটি রাশিয়ান আকুলা শ্রেণির আক্রমণাত্মক সাবমেরিন এবং দুটি গুপ্তচর সাবমেরিন অংশ নেয়। তবে সেগুলো ইতিমধ্যেই যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে উত্তর দিকে ফিরে গেছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

হিলি জানান, গুপ্তচর সাবমেরিনগুলো যুক্তরাজ্য ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশপাশে অবস্থান করেছিল। তবে তারা কোনো সাবমেরিন কেবল বা পাইপলাইনের ক্ষতি করেছে এখন পর্যন্ত তেমন প্রমাণ পাওয়া যায়নি।

এসময় হিলি সতর্ক করে বলেন, ‌‘এ ধরনের অবকাঠামোতে ক্ষতির কোনো চেষ্টা যুক্তরাজ্য সহ্য করবে না এবং তার পরিণতি হবে ভয়াবহ।’

এদিকে বিশ্লেষকদের মনে করছে, অভিযুক্ত অভিযানটি রাশিয়ার একটি জটিল ও গোপন সামরিক অভিযান ছিল, যা পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে সমুদ্রের নিচে থাকা কেবল ও জ্বালানি পাইপলাইনের ওপর নির্ভরশীলতা ঝুঁকি তৈরি করছে।

এদিকে যুক্তরাজ্য ইতিমধ্যেই প্রতিরক্ষা জোরদারে অতিরিক্ত ১০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সাবমেরিন শনাক্তকরণ বিমান উন্নয়ন এবং “অ্যাটলান্টিক ব্যাস্টিয়ন” নামে নতুন একটি নৌ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে হিলি বলেন, ‘আমরা আপনাদের নজরে রাখছি।’