
ফাইল ছবি
চলতি এপ্রিল মাসের শুরুতেই রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। মাসের প্রথম আট দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) যার পরিমাণ প্রায় ১১ হাজার ৮৯৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৬ শতাংশ। প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার। ফলে বছরওয়ারি হিসেবে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০.৫ শতাংশ।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় এবং টাকার মান স্থিতিশীল রাখতে এই রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে এটি নতুন রেকর্ড গড়তে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প









































