
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারাগার থেকে বের হন।
কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় আদালত শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। মামলাটিতে গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার একই মামলায় তাঁর রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।














































