সোমবার । এপ্রিল ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শেয়ার

ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে ভিক্ষাবৃত্তি, ৩ নারীসহ ৪ পাকিস্তানি গ্রেপ্তার


Beggar

ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের নাম করে সৌদি আরবে গিয়ে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হওয়ার অভিযোগে তিন নারীসহ চার পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।  আজ রোববার (১৯ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) ওই চার ব্যক্তি ওমান হয়ে সৌদি আরব থেকে পাকিস্তানের শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় তাঁদের সন্দেহজনক ভ্রমণবৃত্তান্ত দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাঁদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা সৌদি আরবে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— শাহ নওয়াজ, শাহজিয়া, সোনিয়া ও ফারজানা বিবি। তাঁদের সবার বাড়ি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

এফআইএর প্রাথমিক তদন্তে জানা গেছে, মোহাম্মদ সিদ্দিক আকবর নামের সৌদিপ্রবাসী এক দালানের মাধ্যমে তাঁরা ওমরাহ ভিসা ও উড়োজাহাজের টিকিট সংগ্রহ করেছিলেন। এর বিনিময়ে ওই দালালকে জনপ্রতি আড়াই লাখ রুপি করে দিতে হয়েছিল। ভিক্ষাবৃত্তি করে উপার্জিত অর্থ দিয়েই তাঁরা দালালের সেই দেনা পরিশোধ করেন।

এফআইএর গুজরানওয়ালা অঞ্চলের পরিচালক মুহাম্মদ বিন আশরাফ জানিয়েছেন, এই ভিক্ষাবৃত্তি চক্রের মূল হোতাকে (দালাল) সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে সংস্থাটি।