
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং দেশব্যাপী অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বারবার রাজপথে নামতে হচ্ছে। কখনো ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে, কখনো ছাত্র সংসদ নির্বাচন বন্ধের চক্রান্তের প্রতিবাদে, আবার কখনো নিষিদ্ধ সংগঠনের কর্মীদের পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধে আমরা সোচ্চার থেকেছি।

চট্টগ্রাম সিটি কলেজের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার ওই কলেজে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত বর্বর। এই হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং আশরাফুল ইসলাম নামে একজনের গোড়ালি বিচ্ছিন্ন করার মতো নৃশংস ঘটনাও ঘটেছে। অবিলম্বে এই হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং আহতদের চিকিৎসার খরচ সরকারকে বহন করার দাবি জানান তিনি।
গত কয়েক মাস আগে ছাত্রদল কর্তৃক তেজগাঁও কলেজ ছাত্র সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আজাদ বলেন, তেজগাঁও কলেজের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে রুম থেকে ডেকে নিয়ে গিয়ে যারা হত্যা করেছে, সেই সকল ছাত্রদলের গডফাদার ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিভিন্ন মহলে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি।
বিক্ষোভ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসু ভিপি রিয়াজুল ইসলাম। এছাড়া ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ এবং মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
বক্তারা দেশব্যাপী অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।









































