শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা


shibir-chattaradal

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর সাবেক ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম মুখোমুখি অবস্থানে চলে আসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এবি যুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে পৌঁছালে সেখানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হলে ডাকসুর সাবেক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ও সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের আত্মরক্ষার্থে শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন।

অভিযোগ উঠেছে, উত্তেজনার রেশ ধরে ছাত্রদল নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে মুসাদ্দিকের ওপর হামলা চালায়, এতে তিনি আহত হন। ওই সময় ডাকসুর সাবেক শিবির প্যানেল প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং সূর্যসেন হল শাখার কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে অবস্থান করছিলেন।

সর্বশেষ খবর অনুযায়ী, সংঘর্ষের ঘটনার পর শাহবাগ থানার সামনে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সংঘর্ষ ও থানার ভেতরে হামলার অভিযোগের বিষয়ে শাহবাগ থানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।