
ফাইল ছবি
সারাদেশে বয়ে যাওয়া তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কমতে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও রাতের দিকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ অধিকাংশ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আজ রাত থেকেই সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার থেকে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি আরও বাড়বে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবারও দেশের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।

টানা কয়েক দিনের এই বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরম কমে জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির সময় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রপাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।








































