
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গোলাম সারোয়ার মিলন ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।

পরবর্তী সময়ে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
মরহুমের পরিবার জানিয়েছে, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা এবং পরে ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।











































