শনিবার । মে ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শেয়ার

হজক্যাম্পে চুরি: দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ১৭ হাজার রিয়াল


arrest

ছবি: সংগৃহীত

রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম।

শুক্রবার (১ মে) আশকোনায় হজক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২২ এপ্রিল হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি অভিনব কৌশলে টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মতলব, দাউদকান্দি, গজারিয়া হয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে নাদিমকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের নাম উঠে আসে। তার বাড়িতে অভিযান চালিয়ে ১৭,৫০০ সৌদি রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে মান্নান এখনো পলাতক রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ইমান আলী সৌদি আরবের মক্কা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।