মঙ্গলবার । মে ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৫ মে ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

সকাল ৯টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে


Storm

ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার রাতে দেওয়া আবহাওয়া অফিসের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বজ্রপাতসহ এই ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের তীব্রতা বিবেচনায় সংশ্লিষ্ট অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৫ ও ৬ মে সারা দেশেই বৃষ্টির এই ধারা বজায় থাকবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৫০ শতাংশ এলাকায় এবং দেশের অন্যান্য অংশে ২৫ শতাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।

হঠাৎ ধেয়ে আসা এই কালবৈশাখীর কারণে সাধারণ মানুষকে সাবধানে চলাচলের এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।