
ফাইল ছবি
দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখীর আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (৬ মে) ভোরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।





































