
ফাইল ছবি
বাংলাদেশ বিমানের ঢাকা থেকে টরন্টোগামী একটি ফ্লাইটের কো-পাইলট মাঝ আকাশে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইটটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। শুক্রবার (৮ মে) ইউরোপের আকাশসীমায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিকল্প পাইলটের ব্যবস্থা করে ফ্লাইটটি পুনরায় কানাডার টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত ‘বিজি ৩০৫’ ফ্লাইটটি ঢাকা থেকে ইতালির রোম হয়ে টরন্টোর উদ্দেশ্যে যাচ্ছিল। রোমে ক্রু পরিবর্তন ও জ্বালানি নেওয়ার পর স্থানীয় সময় সকাল ১০টা ২৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় টরন্টোর উদ্দেশ্যে রওনা দেয়।
রোম থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর কো-পাইলট আদিব হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করেন। তখন উড়োজাহাজটি ইউরোপের আকাশসীমায় অবস্থান করছিল। ফ্লাইটের প্রধান পাইলট ক্যাপ্টেন এনাম তালুকদার তাৎক্ষণিকভাবে যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা ভেবে রুট পরিবর্তন করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন।
স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকে প্রস্তুত থাকা জরুরি চিকিৎসা দল দ্রুত অসুস্থ কো-পাইলটকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
দীর্ঘপাল্লার এই ফ্লাইটে সাধারণত অতিরিক্ত পাইলট রাখার নিয়ম থাকলেও, এই ফ্লাইটে মাত্র দুইজন পাইলট ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এভিয়েশন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। পরে লন্ডনে বাধ্যতামূলক বিশ্রামে থাকা বিমানের অপর একজন পাইলটকে তাৎক্ষণিকভাবে ফ্লাইটে যুক্ত করা হয়। সব প্রক্রিয়া শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টোর উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কো-পাইলটের শারীরিক অবস্থার বিস্তারিত এখনো প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্যাপ্টেনের দ্রুত ও সঠিক সিদ্ধান্তের কারণে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।








































