
সংগৃহীত ছবি
প্রচলিত আইন দিয়ে ‘মব কালচার’ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলায় আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের প্রয়োজন হতে পারে।
রোববার রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মব কালচার দমনে বর্তমানে বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রয়োজন হলে আইনি সংস্কার করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকেও প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি।
অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এসব অপরাধ মোকাবিলায় নতুন আইনি কাঠামো তৈরির লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি ট্রান্সফার–সংশ্লিষ্ট বিষয়গুলো একই আইনের আওতায় আনার সম্ভাবনা পর্যালোচনা করবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধের ধরন বদলে যাওয়ায় পুরোনো আইন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই প্রয়োজনে অন্যান্য দেশের অভিজ্ঞতাও কাজে লাগানো হবে।
পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ওভারটাইম ভাতা চালুর বিষয়েও সরকার ভাবছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।








































