
ফাইল ছবি
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখন অর্থায়ন ও অন্যান্য প্রাক-প্রস্তুতি নিয়ে কাজ চলছে।
সোমবার (১১ মে) বিকেলে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই রুটে সেতু নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসন্ন ঈদুল আজহার যাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের ঈদে গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। গত ঈদুল ফিতরে একসঙ্গে ছুটি দেওয়ার কারণে সড়কে অতিরিক্ত চাপ ও ভোগান্তি তৈরি হয়েছিল। তাই এবার আগেভাগেই পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ঈদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সড়ক ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। যানজট ও বিশৃঙ্খলা এড়াতে সারাদেশে ৬৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।








































