
ফাইল ছবি
চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার ৬৯৯ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।
মঙ্গলবার (১২ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মে মাসের প্রথম ১১ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল মাত্র ৯২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
চলতি অর্থবছরের শুরু (জুলাই) থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। তবে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল গত মার্চ মাস, যেখানে একদিনে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ডসহ মোট ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এসেছিল। যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের রেকর্ড।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহ দেওয়ার ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।






































