বুধবার । মে ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ মে ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
শেয়ার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, রিং স্থাপন


chuppu

ফাইল ছবি

যুক্তরাজ্যে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফল এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে এই পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট স্থাপন করেন। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সেই অস্ত্রোপচারের ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত ক্যামব্রিজের এই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালটি বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।

বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি লন্ডন সফর শুরু করেন। চিকিৎসা প্রক্রিয়া শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।