
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-আযহার জামাত আয়োজনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাতকে ঘিরে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতিবছরের মতো এবারও চালু থাকছে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।
বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। সভায় জানানো হয়, শোলাকিয়া ঈদগাহ মাঠের ১৯৯তম এই ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুসল্লিদের নিরাপত্তা ও যাতায়াত সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “শোলাকিয়ার ঈদ জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঐতিহ্য ও মর্যাদা বজায় রেখে সফলভাবে জামাত সম্পন্ন করতে আমরা কাজ করছি।”
ঈদের জামাতকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ২ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের ওজু, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









































