
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (১৭ মে) সকাল থেকে আগামী ২৭ মে’র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের সূচি অনুযায়ী, এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ঈদযাত্রার প্রতিটি টিকিট কাউন্টারের ঝামেলা ছাড়াই যাত্রীরা ঘরে বসেই সংগ্রহ করতে পারছেন।
আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের সব ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর দুপুরের শিফটে অর্থাৎ দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলীয় জোনের সব ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, এবারও যাত্রীদের সুবিধার্থে অঞ্চল ভেদে দুই ভাগে ভাগ করে টিকিট দেওয়া হচ্ছে।
ফিরতি যাত্রার টিকিট বিক্রির তারিখও চূড়ান্ত করেছে রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী— ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট মিলবে ২১ মে, ১ জুনের ফিরতি টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ২৫ মে।
এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে। ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও আরামদায়ক করতে রেলওয়ে কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।







































