
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ক্ষমতায় আসার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে একাধিকবার কঠোর বার্তা দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তিনি ক্ষমতায় আসার পর ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুরে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শুভেন্দু বলেন, কংগ্রেস, তৃণমূল ও সিপিআইএম যতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার চেয়েও বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের জামায়াতপন্থিদের মধ্যে। তিনি বলেন, আমি ভয় পাওয়ার লোক নই, মাথা নোয়ানোর লোকও নই।
অনুষ্ঠানে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকানো নিয়ে কঠোর বার্তা দেন শুভেন্দু। তার ভাষ্য, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং যাদের নাম বাতিল হয়েছে, তাদের প্রত্যর্পণের সময় এসে গেছে।
তিনি আরও বলেন, সবার আগে দেশ। দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপি সরকার করবে।
রোববার কলকাতার পার্ক সার্কাস এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও তুলে আনেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের ওপর হামলা বা ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিপূরণও আদায় করা হবে।
এদিকে সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে দেওয়া বিভিন্ন ভাতা বন্ধের ঘোষণা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এর আওতায় ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা বাতিল করা হয়েছে বলে জানান শুভেন্দু।
তার দাবি, এই অর্থ এখন “বিবেকানন্দ মেরিট স্কলারশিপ” প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে। তিনি বলেন, বাংলায় তোষণের রাজনীতি চলবে না।
সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রামে জয় পাওয়া শুভেন্দু অধিকারী ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতাকে হারানোর প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন।
তিনি দাবি করেন, মিত্র ইনস্টিটিউশনের চারটি বুথেই বিজেপি এগিয়ে ছিল। শুভেন্দুর ভাষায়, যে নিজের বুথেই জিততে পারেন না, তাকে বাংলার মানুষ দরজা দেখিয়ে দিয়েছে। টাটা, বাই বাই, খতম।
অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জিসহ কয়েকজন তৃণমূল নেতার সম্পত্তির তদন্তেরও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাট হয়েছে এবং ভবিষ্যতে এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুভেন্দু বলেন, দুর্নীতিবাজদের আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হবে।

















































