
‘রোমিও সিহক’ হেলিকপ্টার
উত্তর কোরিয়ার বাড়তে থাকা সামরিক হুমকির মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্য বড় ধরনের অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে প্রায় ৪.২ বিলিয়ন ডলারের যুদ্ধ হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এ তথ্য জানিয়েছে।
চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যয়ে ২৪টি ‘রোমিও সিহক’ নৌবাহিনীর হেলিকপ্টার কিনবে। অত্যাধুনিক এই হেলিকপ্টারগুলো সমুদ্রে শত্রু সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি স্থল লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে পারবে।
এছাড়া আরও ১.২ বিলিয়ন ডলারের চুক্তিতে দক্ষিণ কোরিয়ার বিদ্যমান ‘এপাচি’ অ্যাটাক হেলিকপ্টার আধুনিক করা হবে। এই হেলিকপ্টারগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই চুক্তি দক্ষিণ কোরিয়ার বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার সক্ষমতা আরও বাড়াবে এবং শত্রুদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।
গত নভেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বাস দেন, ২০৩০ সালের মধ্যে সিউল যুক্তরাষ্ট্র থেকে ২৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনবে।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের সহায়তায় আরও ৩৩ বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতিও দেয় সিউল।
ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। একই সঙ্গে বিদেশে মার্কিন সেনা মোতায়েন নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন তিনি।
যদিও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে শর্তহীন আলোচনার পক্ষে, তবে এখন পর্যন্ত পিয়ংইয়ং থেকে তেমন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।















































