
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারিভাবে গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত প্রতিদিনের সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিস সূত্রে জানা গেছে, এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী নিবন্ধিত হন। তবে চূড়ান্ত হিসাব অনুযায়ী, মোট কোটার চেয়ে সামান্য কিছু কম যাত্রী শেষ পর্যন্ত সৌদি আরবে গমন করেছেন। গত ২১ মে (বৃহস্পতিবার) সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ বছরের সর্বশেষ হজ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে এবং যথাসময়ে পৌঁছায়।
এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনীর পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের বিশেষ ফ্লাইটে কোনো ধরনের বড় জটিলতা ছাড়াই হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে।
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে সব হাজিকে নিয়ে দেশে ফেরার এই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয় ও হজ মিশন। জেদ্দা এবং মদিনা বিমানবন্দর থেকে ফিরতি যাত্রার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।









































