শুক্রবার । মে ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

রোববার আদালতে উঠছে রামিসা হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী


Salahuddin-Ahmed

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আগামী রোববার আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাতে রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ১০টার দিকে মিরপুরের পল্লবীর বাসায় গিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন। এসময় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকও উপস্থিত ছিলেন। পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে কাজ চলছে এবং রোববার দুপুরের মধ্যেই পরীক্ষা শেষ হতে পারে। এরপরই আদালতে চার্জশিট জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় আইন সংশোধনের উদ্যোগও সরকার বিবেচনা করছে। পাশাপাশি রামিসার বড় বোনের পড়াশোনা ও অন্যান্য ব্যয়ভার সরকার বহন করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিবারের প্রধান দাবি দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবারের আরেক সন্তান যেন নিরাপদে থেকে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সেজন্যও সহায়তা দেওয়া হবে।

গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় সে।