শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২১


three-haji

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই মক্কা ও মদিনায় সর্বমোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

মারা যাওয়া এই ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় ইন্তেকাল করেন। অন্যদিকে পবিত্র মদিনা শরিফে মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা ও মদিনায় মারা যাওয়া এই তিনজনের মৃত্যুই স্বাভাবিক ছিল এবং সৌদি আরবের নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পবিত্র ভূমিতেই দাফন করা হবে।

এদিকে সরকারি হজ বুলেটিনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী ইতিমধ্যেই নিরাপদ শরীরে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাসের মোট ১৯৯টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীরা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, প্রচণ্ড গরমের মধ্যে হজযাত্রীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়েছে। মিশন ও মডিকেলের চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত অসুস্থ হাজিদের মাঝে ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় ডিজিটাল ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধারসহ বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।