শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ মে ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার

আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও পে স্কেল নিয়ে সুখবর


pay-scale

ফাইল ছবি

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার সচিবালয়ে নবম পে স্কেল নির্ধারণে গঠিত সচিব কমিটির বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তুলনামূলকভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধির হার কিছুটা সীমিত থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও এই পে স্কেলের আওতায় আসবেন।

এবারের পে স্কেলে বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনার বিষয়েও বিশেষ সুপারিশ রাখা হয়েছে। একই সঙ্গে আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নির্দেশনা জারি করার পরিকল্পনা রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণেও নতুন নীতিমালা অনুসরণ করা হতে পারে।

পেনশন ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তনের আলোচনা হয়েছে বৈঠকে। বিশেষ করে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে কম পেনশন পাচ্ছেন, তাদের সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব উঠে এসেছে। ২০ হাজার টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

সচিব কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে এবং সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্য অনেকটাই কমে আসবে।