
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ফিরতি যাত্রার বিশেষ এই ব্যবস্থাপনায় আজ শনিবার (২৩ মে) বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও যাত্রীদের দুর্ভোগ কমাতে শতভাগ আসনের টিকিট অনলাইন ও রেলওয়ের অফিশিয়াল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিটের চাপ ও সার্ভারের ওপর লোড কমাতে সারা দেশকে দুটি জোনে ভাগ করে ভিন্ন ভিন্ন সময়ে টিকিট উন্মুক্ত করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের ফিরতি টিকিট বিক্রি।
ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, গত ২১ মে দেওয়া হয়েছে ৩১ মে’র টিকিট এবং ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের আসনের টিকিট। আজকের পর আগামীকাল ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং আগামী ২৫ মে বিক্রি হবে ৪ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট।
যাত্রী সাধারণের সুবিধার্থে কালোবাজারি রোধ ও শৃঙ্খলা রক্ষায় এবার কিছু কঠোর নিয়ম যুক্ত করেছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রার এই বিশেষ সময়ে কেনা কোনো টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে বা রিফান্ড করতে পারবেন না। এছাড়া প্রতিজন টিকিটপ্রত্যাশী নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একের বেশি আসনের টিকিট কেনার ক্ষেত্রে অন্য সহযাত্রীদের নাম ও তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে।












































