
সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়ক পথে যাত্রা শুরু করেন তিনি
ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়ক পথে যাত্রা শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী সরকারি অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।
সফরসূচী অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে বৈলর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি ত্রিশাল ডাকবাংলোয় যাবেন। পরে বিকেলে ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে নজরুল জন্মজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বিকেলে নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।











































