
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু রামিসার খুনিদের আগামী এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রিশালের দরিরামপুরে কবির বাল্যস্মৃতি বিজড়িত নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুহত্যার এই নৃশংস ঘটনা দেশের মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রমাণ। দীর্ঘদিনের ‘ফ্যাসিবাদী শাসন’ দেশের বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক-ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে গেছে। একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, শিশুহত্যার এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা রাস্তা অবরোধ, যানবাহন বন্ধ, অগ্নিসংযোগ ও উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাইছে। তিনি সতর্ক করে বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে দেওয়ার পর থেকেই একটি গোষ্ঠী অস্থির হয়ে উঠেছে। তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতেই এই অরাজকতা করছে।
দেশে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা কৃষকের কথা বলে না, খাল খননের কথা বলে না, গ্রামের শিশুর শিক্ষা কিংবা কৃষক কার্ডের কথাও বলে না; তারা শুধু অরাজকতা সৃষ্টি করতে চায়। আর এই অরাজকতা সফল হলে সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-খতিবদের সম্মানী এবং শিশুদের স্কুল ড্রেস বিতরণসহ সব উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
নজরুল জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগদানের আগে ত্রিশালের ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী এবং ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কবিপৌত্রী খিলখিল কাজী।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিখ মনজুর, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং জেলা প্রশাসক সাইফুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।











































