
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় দেশে আবারও কমানো হয়েছে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম। চলতি মাসে দ্বিতীয় দফায় এবার প্রতি লিটারে দাম কমেছে ৩৯ টাকা ৫৭ পয়সা। এর আগে ৭ মে লিটারে কমানো হয়েছিল ২২ টাকা ৩৫ পয়সা।
শনিবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর শনিবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নির্ধারিত নতুন দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের প্রতি লিটারের মূল্য ঠিক করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা, যা আগে ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। তবে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের মূল্য ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ২৩ মে এ বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্লাটস রেটের গড় মূল্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে ডলারের বিনিময় হার এবং ডিজেলের বিদ্যমান দাম বিবেচনায় নিয়ে মে মাসের মধ্যবর্তী সময়ের জন্য নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।












































