
ফাইল ছবি
প্রবাসে লোক পাঠানোর নামে যেসব রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার আশ্রয় নিচ্ছে, সেইসব জালিয়াত চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ও কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিকদের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষায় দ্রুততম সময়ের মধ্যে দেশের শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ঈদুল আজহার আগে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলোর কল্যাণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও জানান, সড়ক দুর্ঘটনাসহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে নিয়মিত সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে যেসব শ্রমিক মারা যাচ্ছেন, তাঁদের পরিবারকেও বিশেষ আর্থিক সহযোগিতার আওতায় আনার সার্বিক পরিকল্পনা করছে সরকার।
এর আগে, মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত শ্রমিক এবং নিহত শ্রমিকের পরিবারের হাতে মোট ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি ক্ষয়ক্ষতির ধরন বিবেচনা করে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত এই অনুদানের চেক বিতরণ করা হয়।
সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সরকারি এই অনুদান পেয়ে ঈদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে কিছুটা স্বস্তির হাসি ফুটেছে।










































