বুধবার । মে ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার

সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন


chadpur-eid

ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। আজ বুধবার (২৭ মে) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০০ বছর আগে ১৯২৮ সালে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রহ.)। তাঁর অনুসারীরা মূলত প্রথম চাঁদ দেখার ভিত্তিতেই রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন। সেই থেকে প্রতি বছর এই অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

সেই ধারাবাহিকতায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইল গ্রাম। এ ছাড়া ফরিদগঞ্জ উপজেলার সুরঙ্গচাউল, কাইতাড়া, উভারামপুর, টোরামুন্সিরহাট এবং মতলব উত্তর উপজেলার পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী ও দেওয়ানকান্দিসহ অর্ধশতাধিক গ্রামের মুসল্লিরা আজ বুধবার পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে সমেশপুর ঈদগাহ মাঠ, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠ ও সাদ্রা দরবার শরীফ মাঠসহ ১২টি প্রধান ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি উত্তর সাদ্রা বায়তুল সালাম জামে মসজিদ, দক্ষিণ সাদ্রা জামে মসজিদ, উত্তর অলিপুর বেপারী বাড়ি জামে মসজিদ, উত্তর অলিপুর ঢালী বাড়ি মসজিদ, পাঁচানী দরগাহ মসজিদ, পূর্ব পাঁচানী সরকার বাড়ি, দেওয়ানজিকান্দি প্রধানিয়াবাড়ী মসজিদ ও পাড়ে পাঁচানী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার বিভিন্ন স্থানে মোট ৩০টি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ আদায় পর্ব শেষ হওয়ার পর পরই গ্রামগুলোতে শুরু হয় পবিত্র কোরবানি। স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছেন।