
সংগৃহীত ছবি
ঈদুল আজহার পর রাজধানী ঢাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা কার্যকরভাবে সম্পন্ন হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, কোরবানির বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণ হচ্ছে কি না, সেটি নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময় তিনি ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে স্বাভাবিক নিয়মে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন।
গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা ও রায়সাহেব বাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরে আদালত সড়ক, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, কলাবাগান, ধানমণ্ডি ও মানিক মিয়া এভিনিউ ঘুরে রাজধানীর সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার পরিস্থিতিও তার দেখার কথা রয়েছে।







































