রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ মে ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত


Secretariat

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও এখন থেকে দেশের সব ব্যাংকে নিয়মিত লেনদেন চলবে।

একই সঙ্গে দেশের দুই পুঁজিবাজার— ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে থাকায় রাজধানীর সড়কগুলোতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে।

সংশ্লিষ্টদের মতে, প্রতি বছরের মতো ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সময় কাটান এবং কিছু প্রতিষ্ঠানও প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে।

ব্যাংক খাতেও প্রথম কর্মদিবসে লেনদেনের চাপ তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে ছুটির সময়ে জমে থাকা আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম নিষ্পত্তির কারণে সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারা দেশে প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে। ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ উপভোগ করেন। এখন কর্মস্থলে ফিরছেন লাখো চাকরিজীবী।