
তোফায়েল আহমেদ
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না… রাজিউন)। সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
তার বয়স হয়েছিল ৮২ বছর।
প্রবীন এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি সর্বোমোট নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।












































