বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ জুন ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম


Oil

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে কিছুটা স্বস্তির আভাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৬৭ সেন্ট (বা ০.৬৯ শতাংশ) কমে ৯৭.১৪ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৬২ সেন্ট (বা ০.৬৫ শতাংশ) কমে ৯৫.৪ ডলারে লেনদেন হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর পাল্টা হামলার জেরে তৈরি হওয়া উত্তেজনায় তেলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি সফল হওয়ায় সরবরাহ সংকট কেটে যাওয়ার আশা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমতে শুরু করেছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, গত ২৯ মে শেষ হওয়া সপ্তাহে আমেরিকার অপরিশোধিত তেলের মজুত ৮০ লাখ ব্যারেল কমে ৪৩ কোটি ৩৭ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা যেখানে মাত্র ৪০ লাখ ব্যারেল মজুত কমতে পারে বলে আশা করেছিলেন, সেখানে বাস্তব চিত্রে মজুত দ্বিগুণ হ্রাস পেয়েছে।

তবে তেলের দামের এই পতন সাময়িক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজার বিশ্লেষক সংস্থা ‘হাইতং ফিউচার্স’ এক নোটে জানিয়েছে, বিশ্বব্যাপী তেলের মজুত দ্রুত কমতে থাকায় এবং চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা বজায় থাকায় আগামী দিনগুলোতে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।