
ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে আজ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালতে দু্ইপক্ষ তাদের নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।
এর আগে, গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন।
গত ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন। ১ জুন শুরু হয় এই মামলার বিচার।












































