বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৪ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শেয়ার

মোংলা বাজারে ভয়াবহ আগুন


Mongla Fire

মোংলা বাজারে ভয়াবহ আগুন

বাগেরহাটের মোংলায় মধ্যরাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। এই ঘটনায় আড়তের ভেতরে থাকা প্রায় পাঁচ হাজার মুরগি জীবন্ত পুড়ে মারা গেছে এবং পুড়ে গেছে নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল। বুধবার রাত পৌনে ১টার দিকে মোংলা বাজারের মাছ বাজার এলাকায় এই মর্মান্তিক ও ক্ষয়ক্ষতিপূর্ণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গভীর রাতে হঠাৎ করেই মাছ বাজার এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী দোকানগুলোকে গ্রাস করে নেয়। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে মোংলা ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে খবর দেন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনতাকে সাথে নিয়ে প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে বাজার সংলগ্ন দুটি পাইকারি মুরগির আড়ত সম্পূর্ণ পুড়ে গেছে এবং আড়তের ভেতরে থাকা প্রায় পাঁচ সহস্রাধিক মুরগি বের করার কোনো সুযোগ না পাওয়ায় সেগুলো ভেতরেই পুড়ে মারা যায়। এছাড়া আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে পাশে থাকা আরও তিনটি মাছের আড়তও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

আড়ৎগুলোতে রাখা ব্যবসা পরিচালনার নগদ টাকা, আসবাবপত্র এবং মাছ বিক্রির বিভিন্ন সরঞ্জামাদিসহ সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নিঃস্ব হওয়া ব্যবসায়ীরা।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা গেছে।

প্রাথমিক আলামত ও তদন্তে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিখুঁতভাবে নিরূপণ করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।