
ছবি: সংগৃহীত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি নলচর নামক স্থানে এ আটকের ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি যাত্রীবাহী বাস জব্দ করেছে পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই হঠাৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বহন করে অংশ নেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ মুজিব, লও সালাম’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। তবে কয়েক মিনিটের এই ঝটিকা মিছিল শেষ করেই অংশগ্রহণকারীরা দ্রুত মহাসড়ক ত্যাগ করার চেষ্টা করেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিও ধারণ করতে যতটুকু সময় লাগে, ঠিক ততক্ষণই মিছিলকারীরা মহাসড়কে অবস্থান করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে সরে যায়। তবে পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক বিশেষ অভিযান চালিয়ে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ও সহায়তাকারী ৪৫ জনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ আরও জানিয়েছে, আটকের পাশাপাশি মিছিলকারীদের বহনকারী ও মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস এবং দুটি বাস ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের রাজনৈতিক পরিচয় ও অপরাধের মাত্রা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।















































