
ফাইল ছবি
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে আগের চেয়ে এক ধাপ পিছিয়ে এবার র্যাংকিংয়ে ৯৬তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। তবে র্যাংকিংয়ে পেছালেও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইতিবাচক ও স্বস্তির খবর হলো, বর্তমানে তারা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচক থেকে এ তথ্য জানা গেছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের জন্য সম্পূর্ণ ভিসামুক্ত কিংবা অন-অ্যারাইভাল (পৌঁছানোর পর) ভিসা সুবিধাপ্রাপ্ত এই ৩৬টি দেশের তালিকায় এশিয়ার ও সার্কভুক্ত অঞ্চলের মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
এছাড়া ক্যারিবীয় ও ওশেনিয়া অঞ্চলের আকর্ষণীয় পর্যটন দেশ বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, সামোয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, নিউই, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
একই সুবিধায় বাংলাদেশিরা আফ্রিকার বেশ কিছু দেশেও ভ্রমণের সুযোগ পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া।
তবে ট্রাভেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ৩৬টি দেশের সবগুলোর ক্ষেত্রে একই ধরনের নিয়ম প্রযোজ্য নয়। কিছু দেশে বাংলাদেশিরা সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ করতে পারেন, আবার কয়েকটি দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে নামমাত্র ফি দিয়ে ‘ভিসা অন অ্যারাইভাল’ নিতে হয়। এছাড়া কিছু দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে অনলাইনের মাধ্যমে সহজ প্রক্রিয়ায় ‘ই-ভিসা’ সংগ্রহ করতে হয়।
এদিকে বৈশ্বিক এই সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আগের মতোই এককভাবে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
তালিকায় তৃতীয় শক্তিশালী অবস্থানে রয়েছে সুইডেন এবং চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।
আন্তর্জাতিক ভ্রমণে বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে প্রবেশ করতে পারেন, মূলত তার ওপর ভিত্তি করেই প্রতি বছর এই বৈশ্বিক সূচক প্রস্তুত করা হয়।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস










































